হোম > সারা দেশ > রাজশাহী

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতরা আইনের মুখোমুখি হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজশাহীতে যাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের আইনের মুখোমুখি হতে হবে।’ আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি। 

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘কৈফিয়ত’ চাওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন সাংবাদিকেরা। 

এ বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাঁদের গ্রেপ্তার করতে পারেনি?’ 

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত না। আমি একটু বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তবে তদন্তের আগে কিছুই বলতে পারব না। কিন্তু যাঁরা অপরাধ করেছেন, নিশ্চয় তাঁরা আইনের মুখোমুখি হবেন। তদন্তের প্রয়োজন। তদন্ত হয় কি না, তা দেখতে একটু অপেক্ষা করুন।’ 

সাংবাদিকেরা মিয়ানমার সীমান্তের উত্তেজনা নিয়েও প্রশ্ন করেন। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের আরাকান নিয়ে অনেক দিন ধরেই জটিলতা রয়েছে। আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। প্রায় ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামে আরেকটা গোষ্ঠীর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলি হচ্ছে। সেখানে যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি কঠোরভাবে জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই দেশের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আশা করছি, এ ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে।’ 

পরে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। 

অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা