হোম > সারা দেশ > রাজশাহী

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ছবি: আজকের পত্রিকা

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় নবীন পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আইজিপি বলেন, ‘সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো অপরাধ এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ মোকাবিলায় দক্ষতার কোনো বিকল্প নেই। নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, প্রতিনিয়ত নিজেকে হালনাগাদ রাখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।’

পুলিশপ্রধান বলেন, সব ধরনের ভয়ভীতি, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা, তদন্ত, সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজেদের আচরণের মাধ্যমে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে যে, বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

এর আগে আইজিপি ৪২তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।

পরে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শরীফ উদ্দীন