রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।
আরএমপি বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রচারের তথ্য পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন ধরনের উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টও পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল।
এ ছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধি আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুয়া ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করা হয়েছে।