মজুতের তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কায় রাজশাহীর গোদাগাড়ীতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকেরা। আজ সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার হাতনাবাদ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন প্রায় চার শতাধিক কৃষক। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা ঘটনাস্থলে যান। তাঁরা কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দেন। পরে কৃষকেরা অবরোধ তুলে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতনাবাদ এলাকায় বিসিআইসির সার ডিলার মেসার্স মানিক ট্রেডার্স ও বিএডিসির ডিলার মেসার্স মোশাররফ হোসেনের দুটি গুদাম রয়েছে। মানিক ট্রেডার্সে ১৫০ বস্তা ডিএপি সার মজুত ছিল। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাবিবুর রহমান এসব সার বিক্রি করেন। বিকেলে মোশাররফ হোসেনের গুদামে থাকা আরও ১৫০ বস্তা ডিএপি সার বিক্রির কথা ছিল। তবে মজুতের তুলনায় কৃষকের সংখ্যা বেশি হওয়ায় সবাই সার পাবেন না—এমন আশঙ্কায় তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে ডিলার হাবিবুর রহমান দাবি করেন, এলাকায় সারের কোনো সংকট নেই। জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম নতুন ডিলারশিপের আবেদন করেও পাননি। ডিলারশিপ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের ভাই মাইনুল হক। এ কারণে পরিস্থিতি ঘোলাটে করতে ডালিম কৃষকদের দিয়ে সড়ক অবরোধ করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুর রহমান ডালিম। তিনি বলেন, ‘আমিই কৃষকদের শান্ত করতে গিয়ে গালাগাল শুনলাম, ধাক্কা খেলাম, লাঞ্ছিত হলাম। আর আমার কথা বলছে? হায় হায়!’ তাঁর দাবি, চার থেকে পাঁচ শ কৃষক বিক্ষোভে অংশ নেন এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল।
ইউএনও ইসরাত জাহান বলেন, প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, চাষাবাদ শুরু করা কৃষকদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সবাইকে সার দেওয়া হবে। এ আশ্বাসের পর কৃষকেরা অবরোধ তুলে নেন।