রাষ্ট্রায়ত্ত রাজশাহী রেশম কারখানার আধুনিকায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। আজ মঙ্গলবার বিকেলে কারখানাটি পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত রাজশাহী রেশম কারখানার উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা, সার্বিক অবকাঠামো ও বর্তমান কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশমের উন্নয়নে তাঁরা কাজ করতে চান।
পরে তিনি রাজশাহী বিসিক শিল্প এলাকায় রাজশাহী সপুরা সিল্ক মিলস পরিদর্শন করেন। কারখানার শোরুমে গিয়ে তিনি সিল্কের তৈরি নানা পোশাক ছুঁয়ে দেখেন।
এ সময় তাঁর সঙ্গে দূতাবাসের কর্মকর্তা নুরুল ইসলাম হাসিব, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক নাছিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।