হোম > সারা দেশ > রাজশাহী

মাটি খুঁড়ে মিলল চুরি হওয়া ১১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এই টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককেও। গ্রেপ্তার যুবকের নাম আরজেদ আলী ওরফে কুরহান (৩৫)। তিনি উপজেলার গোয়ালপাড়া জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার দুপুরে কুরহানের বাড়ির পেছনের মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগে কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর গতকাল বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। রাতে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে সোমবার তানোর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তাঁর টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এই সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাবরেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছেন। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় একটি চুরির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। পরে মঙ্গলবার দিনগত রাতে কুরহানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তাঁর। তবে এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, কুরহান চুরির কথা স্বীকার করলে তাঁর দেওয়া তথ্যমতে বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা