হোম > সারা দেশ > পিরোজপুর

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

মায়ের কোলে নবজাতক। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে জন্ম নিয়েছে একটি বিকলাঙ্গ শিশু। যার দুই পা নেই, এক হাত অর্ধেক। জন্মের পর শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার বাবা। তবে স্বামীর এমন নিষ্ঠুর নির্দেশ উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার।

জানা গেছে, গত বুধবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের নিউ সততা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তানটির জন্ম হয়। পিতা দিনমজুর আল আমীন শিশুটিকে নিতে অস্বীকৃতি জানান এবং স্ত্রীকে সন্তানটি অন্যত্র দিয়ে দিতে বা ফেলে আসতে বলেন। তবে বাবা অমানবিক হলেও সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি হাসপাতালটি। প্রসূতির সিজারিয়ান অপারেশনসহ সব চিকিৎসা ব্যয় মওকুফ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি অপারেশন পরিচালনাকারী চিকিৎসক প্রীতিষ বিশ্বাসও নিজের ফি নেননি।

লিজা আক্তারের বাড়ি পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে। হাসপাতালের বেডে বসে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, এটি তাঁর তৃতীয় সন্তান। জীবিকার তাগিদে তিনি ঢাকায় দিনমজুরের কাজ করেন। সন্তান গর্ভে থাকা অবস্থায় কয়েক দিন আগে বাড়িতে আসেন এবং ২২ এপ্রিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তানের জন্ম দেন। তিনি বলেন, ‘আমার সন্তান অন্য শিশুদের মতো স্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে জন্মায়নি। তার দুই পা ও একটি হাত নেই। এ কারণে আমার স্বামী তাকে ফেলে আসতে বলেছে। কিন্তু আমি আমার সন্তানকে কখনো ফেলে দিতে পারব না। স্বামী আমাকে না রাখলেও আমি আমার সন্তানকে ছাড়ব না। আমি তাকে মানুষ করে তুলব।’

লিজা আরও বলেন, ‘আমি যত দিন বেঁচে আছি, কাজ করে সন্তানকে খাওয়াতে পারব। কিন্তু আমি মারা গেলে আমার সন্তানকে কে দেখবে—এই চিন্তাই আমাকে কষ্ট দিচ্ছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ কিছুটা হলেও নিশ্চিত করতে পারব।’

নিউ সততা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘দিনমজুর এই নারী ও নবজাতকের অবস্থা বিবেচনা করে আমরা হাসপাতালের সব খরচ মওকুফ করেছি। অপারেশনের চিকিৎসকও কোনো ফি নেননি।’

অপারেশন পরিচালনাকারী চিকিৎসক প্রীতিষ বিশ্বাস বলেন, ‘জিনগত কারণ বা গর্ভকালীন যথাযথ চিকিৎসার অভাবে অনেক সময় এ ধরনের শিশু জন্ম নিতে পারে। অপারেশনটি ঝুঁকিপূর্ণ ছিল, তবে সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুটির শারীরিক ত্রুটি থাকায় আমরা মর্মাহত। মানবিক দিক বিবেচনায় আমি আমার সার্জন ফিও মওকুফ করেছি।’

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার

আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

স্কুল ফিডিংয়ের দুধ চুরি: ছাত্রদল নেতা বহিষ্কার

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির পর ২৭ প্যাকেট ফেরত