পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে নামজারিতে জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
কেএম প্রিন্স দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায়।
শাম্মী আক্তারের অভিযোগ, প্রায় তিন মাস আগে ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের নামজারির জন্য তিনি প্রিন্সের কাছে কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুটি দলিলের নামজারি সম্পন্নের কাগজ তাঁর কাছে জমা দেন।
কিউআর কোড যাচাই করে শাম্মী আক্তার দেখতে পান, নামজারি দুটি ভুয়া। ওই মিউটেশন বা নামজারির কাগজে এসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো হয়েছে বলেও তাঁর অভিযোগ।
আজ রোববার দুপুরে শাম্মী আক্তার এসিল্যান্ডের কার্যালয়ে উপস্থিত হয়ে থানার পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে তিনি প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এ ধরনের জালিয়াত চক্রের প্রতারণার কারণে বিনিয়োগকারীরা কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাঁর কাছে অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।
ইয়াসীন সাদেক বলেন, এসব জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।