হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ২, আটক ৫

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর দশমিনা ইউনিয়নের আরোজবেগী গ্রামের মহিউদ্দিনের ছেলে রবিন ও একই গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে মো. তানভীর।

অভিযুক্ত কিশোরেরা হলো উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী গ্রামের সুব্রত সরদার, নাজমুল, সোলাইমান, জুনায়েত ও মাসুম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তানভীর ও জুনায়েতের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জুনায়েতসহ তিন-চারজন রাতে আরোজবেগী বাজারে গিয়ে তানভীরকে মারার জন্য খোঁজ করে। বাজারে না পেয়ে তাঁর বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিষয়টি মীমাংসা করার শর্তে তাদের ফিরিয়ে দেন। আজ সকালে সালিসের আগেই জুনায়েত, সুব্রত সরদার, নাজমুল, সোলাইমান ও মামুন অতর্কিত হামলা করে বসে তানভীর ও রবিনের ওপর। এতে তানভীর ও রবিন রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত রবিন ও তানভীর বলেন, ‘গতকাল সকালে ফুটবল খেলা নিয়ে তর্ক হয় জুনায়েতের সঙ্গে। ইউপি সদস্য বিষয়টি জেনে আজ সকালে মীমাংসা করে দেওয়ার কথা বলেছিলেন। আমরা আরোজবেগী বাজারে গেলে জুনায়েতসহ তিন-চারজন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় আমাকে রক্ষা করতে রবিন এগিয়ে গেলে তাকেও আহত করে তারা।’

স্থানীয় ইউপি সদস্য হারুন জানান, গতকাল সন্ধ্যায় তাঁকে তানভীর ও জুনায়েতের মধ্যকার বিরোধ মীমাংসা করে দিতে বলা হয়। মীমাংসার উদ্দেশ্যে আজ সকালে বাজারে পৌঁছার আগেই জুনায়েতসহ তিন-চারজন তানভীর ও রবিনের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে। পরে আহত দুজনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং ওই পাঁচজনকে আটক করে থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’