হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে সাবেক যুবদল নেতার নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলা

পটুয়াখালী প্রতিনিধি

শিক্ষক-কর্মকর্তাদের বিক্ষোভে হামলা করে বহিরাগতরা। ছবি: সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব রিপন শরীফের নেতৃত্বে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত ১৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় পবিপ্রবি সাংবাদিক সমিতির এক সাংবাদিকের ওপরও হামলা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে ৯টায় অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান ধর্মঘট চলাকালে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব রিপন শরীফের নেতৃত্বে বহিরাগতরা এসে আন্দোলনকারীদের ওপর হামলা করে এবং ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. স্বপন কুমার ফৌজদার, অধ্যাপক ড. এম এইচ কাউসার এবং অধ্যাপক ড. তন্বী চন্দ।

আহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—মো. জসিম উদ্দিন, পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) ; ড. হাচিব মো. তুষার, পরিচালক, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স; ড. শফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার; আরিফুর রহমান, প্রধান খামার তত্ত্বাবধায়ক; মাহমুদ আল জামান, সহকারী রেজিস্ট্রার; ড. আমিনুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার; ড. রাহাত মাহমুদ, ডেপুটি রেজিস্ট্রার; আবু বকর সিদ্দিক, পরিচালক, টিএসসি; রিয়াজ কাঞ্চন, সহকারী রেজিস্ট্রার এবং এ কে এম শাহাদাত হোসেন মিয়া, সেকশন অফিসার।

এদিকে এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আন্দোলনকারীরা জানান, উপাচার্য রফিকুল ইসলাম বহিরাগতদের দিয়ে শিক্ষক কর্মকর্তাদের ওপর হামলা করান।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ স্থবির হয়ে রয়েছে। আমাদের শিক্ষক কর্মকর্তাদের উপাচার্য হয়রানি করে আসছেন এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে বসার জন্য আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম। তবে হঠাৎ করে ভিসি বহিরাগত রিপন শরীফকে দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছেন।’

অভিযোগের বিষয়ে দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফ ক্যাম্পাসে উপস্থিত হয়ে তাৎক্ষণিক বলেন, ‘কিছু শিক্ষক তাঁদের পছন্দের ভিসি না হলে মব সৃষ্টি করেন। একটি চক্র এখনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে সক্রিয় রয়েছে। তাই তাদের থামানো হয়েছে।’ এ সময় লোকজন নিয়ে বিভিন্ন স্লোগান দেন তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ‘ভিসির বিভিন্ন অনিয়মের অভিযোগে অপসারণ দাবিতে মানববন্ধন চলছিল। এ সময় বিপরীত পক্ষের লোকজন এসে হামলা চালায় এবং চেয়ার ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ অবস্থান করতে পারে না, তাই বাইরে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ মোতায়েন আছে।’

অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘আমি সকালে ক্যাম্পাসে গিয়ে জরুরি কাজে বের হয়ে আসছি। পরে জানতে পারি এমন ঘটনা ঘটেছে। তবে হামলাকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাদের চিনিও না।’

জমি নিয়ে সংঘাত গড়াল কবরস্থান পর্যন্ত

বাউফলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ

তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গের তীরবর্তী এলাকার ভাঙন রোধে কাজ শুরু

পটুয়াখালীতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে: নুর

পটুয়াখালীতে চোর অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতন

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

দশমিনায় ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পবিপ্রবিতে প্রকল্প পরিচালক অবরুদ্ধ, চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

চাচার বাড়ির দরজা খুলে নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, থানায় অভিযোগ