পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে ঢাকার আদাবর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ বিকেলে তাঁরা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।
সন্ধ্যার পর সেখান থেকে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।