হোম > সারা দেশ > পটুয়াখালী

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার

পটুয়াখালী প্রতিনিধি

মাছসহ আটক মাদ্রাসাশিক্ষক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ইলিশসহ অন্যান্য মাছ নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় পরিচালনা করা এক অভিযানে এই জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ এবং স্থানীয় বাসিন্দা আবুল হোসেন (৫৫)। উভয়কে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গতকাল নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব মাছ স্থানীয় তিনটি মাদ্রাসা এবং একটি এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিতরণ সম্পন্ন হওয়ার পর অভিযোগ ওঠে, কিছু মাছ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না পাঠিয়ে ব্যক্তিগত কাজে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন যৌথভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিদর্শনে যান।

অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ অবস্থায় পান কর্মকর্তারা। পরে মাদ্রাসাশিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে শিক্ষক আব্দুল্লাহ জানান, তাঁর প্রতিষ্ঠানটি আবাসিক নয়। ফলে বিতরণের জন্য প্রাপ্ত মাছ তিনি নিজের বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় আবুল হোসেনের সঙ্গে ভাগাভাগি করে নেন।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অন্য দুটি মাদ্রাসায় খোঁজ নিয়ে সেখানে মাছ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এতিমখানায় দেওয়ার মাছ বাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে মোবাইল কোর্ট আইনের আওতায় ওই দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার ২০ দিনেও চাল পাননি দশমিনার ৪৮৪০ জেলে

মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

এক ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও ছোট ভাইকে হারিয়ে দিশাহারা অরবিন্দু

ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা, পর্যটকের ঢল

আলগী নদীতে ভেসে উঠল গলায় ইট ও হাত বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে রাস্তার বাইরে, আহত ৩০

দুর্গাপূজা উপলক্ষে দশমিনায় নৌকাবাইচ

দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক