হোম > সারা দেশ > পাবনা

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর

পাবনা প্রতিনিধি

আজ দুপুর ১২টা ২০ মিনিটে যমুনা সেতু হয়ে বিশেষ লরিবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে যমুনা সেতু হয়ে বিশেষ লরিবহরটি প্রকল্প এলাকায় পৌঁছায়। এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার উদ্দেশে রওনা হয় লরিবহরটি।

সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো পথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি কার্গোতে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি আনা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব জ্বালানি অ্যাসেম্বলি সরবরাহ সম্পন্ন হবে।