হোম > সারা দেশ > নোয়াখালী

জমি নিয়ে বিরোধে হামলার সময় অস্ত্র প্রদর্শন, গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

অস্ত্র উঁচিয়ে গুলি করার চেষ্টা করছেন একজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নোয়াখালীর বেগমগঞ্জে জায়গা–জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্র প্রদর্শন করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় আজ বুধবার সকালে উপজেলার আমান উল্যাহপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে আমান উল্যাহপুর ইউনিয়নের লাকুড়িয়া কান্দি গ্রামের ঘটনাটি ঘটে। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

গ্রেপ্তাররা হলেন লাকুড়িয়া কান্দি গ্রামের মজিব উল্যাহ, তাঁর ছেলে তোফায়েল আহমদ ও মেয়ের জামাই ইসরাফিল।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লাকুড়িয়া কান্দি গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত শরীফ উল্যাহর সন্তানদের সঙ্গে তাঁর ভাই মজিব উল্যাহর জায়গা–জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিস বৈঠক হলেও সমাধান হয়নি।

গতকাল মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জায়গাটি দখলের জন্য যান শরীফ উল্যাহর ছেলে মোবারকসহ তাঁর পরিবারের লোকজন। তখন মজিব উল্যাহর মেয়ে শারমিন বাধা দিলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে শারমিনের স্বামী ইসরাফিল তাঁর কয়েকজন অস্ত্রধারী বন্ধুকে নিয়ে মোবারকের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। তাঁরা নারীসহ তিনজনকে পিটিয়ে জখম করেন এবং একাধিক আগ্নেয়াস্ত্র (এলজি) উঁচিয়ে গুলি করার চেষ্টা করেন। এ ছাড়া মোবারকদের বসতঘর ভাঙচুর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাতেই মোবারক উল্যাহ পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।