নেত্রকোনার দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচির জন্য অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় মিড ডে মিলের বনরুটি পরিবহনের সময় প্রশাসন অভিযান চালিয়ে ১০টি বস্তায় থাকা মোট ৯০০ প্যাকেট বনরুটি জব্দ করে। এ সময় একজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও পরিবহনের দায়ে স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ফিডিং কর্মসূচির জন্য নির্ধারিত স্থানে উৎপাদনের পরিবর্তে সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে মিড ডে মিলের বনরুটি উৎপাদন করে আসছিল শিবগঞ্জ এলাকার ভাই ভাই বেকারি। এ বিষয়ে অভিযান পরিচালনা করে বনরুটি জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।