নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের এক সপ্তাহ পর জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গরামপুর গ্রামের একটি লিচুবাগানে লাশটি পড়ে ছিল।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জাকির উপজেলার সোনাবাজু পূর্বপাড়ার মৃত আজিজুল হোসেনের ছেলে।
নিহত জাকিরের বড় ভাই জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন জাকির। এর পর থেকে তিনি বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান মেলেনি। পরে গুরুদাসপুর থানায় একটি জিডি করে নিহত জাকিরের পরিবার।
আজ বিকেলে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে কেন ও কী কারণে জাকির হোসেন নিখোঁজ হয়েছিলেন, তা জানা যায়নি।
পুলিশ পরিদর্শক জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত জাকিরের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।