নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলো গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।
এসআই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো পথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ছেলে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সংঘর্ষে আরও পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বাসটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। নিহত বাবা-ছেলের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।