নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। তাঁদের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় জাপানযাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরমান (৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে হায়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মাইক্রোবাসটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। পরে গাড়ি থামিয়ে আরমান ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘আমি একই পথে যাচ্ছিলাম। কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে মোটরসাইকেল থামিয়ে দিই। এর মধ্যেই হায়েস গাড়িটিতে ডাকাতি করা হয়।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ঘটনাটি মেঘনা টোল প্লাজার আওতাধীন এলাকায় হলেও এটি মহাসড়কের ওপর ঘটেনি। মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটনাটি ঘটেছে।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
থানা-পুলিশের চেকপোস্টের সামনে ডাকাতি ঘটেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি, তবে বিস্তারিত কিছু এখনো বলা সম্ভব না।’