ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক বিষয় নিয়ে এক দম্পতির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ফিরোজা খাতুনকে (৫০) বল্লম দিয়ে আঘাত করেন আবু রায়হান। গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই দিন কথা-কাটাকাটির একপর্যায়ে আবু রায়হান তাঁর স্ত্রী ফিরোজা খাতুনকে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ফিরোজা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
নিহত ফিরোজার ভাতিজা সেলিম মিয়া জানান, ফিরোজা খাতুন ও তাঁর স্বামী রায়হান অন্যের জায়গায় বসবাস করতেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সংসার চালাতেন। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফিরোজাকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
খারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রতন মিয়া বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রায়হান তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন বলে শুনেছি। গতকাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পাই।’
ঘটনার পর থেকে অভিযুক্ত আবু রায়হান ও তাঁর সন্তানেরা পলাতক রয়েছেন। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।’