ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান। এ নিয়ে হাসপাতালটিতে ২৬ শিশুর মৃত্যু হলো।
মৃত শিশু হলো সাড়ে চার মাস বয়সী সামির হোসেন। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রকিব মিয়ার ছেলে। গত ১৬ এপ্রিল হামের উপসর্গ থাকায় স্বজনেরা ভর্তি করিয়েছিল। গতকাল মঙ্গলবার (৫ মে) সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মৃত শিশুর বাবা রকিব মিয়া বলেন, ‘শুধু আইসিইউ সংকটের কারণে আমার বুকের ধনকে হারালাম। শেষ দিকে তার অবস্থা এতটাই জটিল হয়েছে যে তখন আইসিইউর খুব প্রয়োজন ছিল। এত বড় একটি হাসপাতালে আইসিইউর অভাবে শিশুরা মারা যাচ্ছে, তা মেনে নেওয়ার মতো নয়।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, শিশুটি হাম উপসর্গের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে আইসিইউ থাকলে হয়তো সে বেঁচে যেত।