হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা রোগীসহ ৬ যাত্রীর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ সোমবার দুপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অ্যাম্বুলেন্সের আগুন নেভায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি রোগী, স্বজনসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলেন। পথে কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ যাত্রীদের দ্রুত নামিয়ে দেন। যাত্রীরা নামার পরপরই অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আরিফ আনোয়ার জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিজারিয়ান রোগী সুবর্ণা, তাঁর দাদি মরিয়মসহ স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি মাগুরার উদ্দেশে রওনা দেয়। পথে ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। এ সময় চালক অ্যাম্বুলেন্সের গতিরোধ করলে তাড়াহুড়ো করে রোগী, রোগীর স্বজন ও অ্যাম্বুলেন্সচালক নেমে পড়েন। পরে পুরো অ্যাম্বুলেন্সেই আগুন ছড়িয়ে পড়ে। রোগী সুবর্ণা মাগুরার শতখালী গ্রামের মো. মিঠুনের স্ত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৫

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ

টঙ্গিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জে দুই গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

সিরাজদিখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির পেছনে বাসের ধাক্কা, নিহত ১

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত