হোম > সারা দেশ > মৌলভীবাজার

ক্যামেলিয়ায় চিকিৎসা মিলছে না চা-বাগানের লক্ষাধিক শ্রমিকের

মৌলভীবাজার প্রতিনিধি

শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা-বাগানে ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৫টি চা-বাগানে বসবাসরত চা-শ্রমিক পরিবারের একমাত্র চিকিৎসাকেন্দ্র ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল দুই সপ্তাহ ধরে বন্ধ। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় লাখো মানুষ। হাসপাতালের স্টাফদের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সেখানকার চিকিৎসক ও নার্সরা। এই অবস্থায় সাধারণ চা-শ্রমিকেরা উপজেলা, জেলা হাসপাতালসহ অন্যান্য স্থানে গিয়ে চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন।

গত ২৭ মার্চ ক্যামেলিয়া হাসপাতালে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঐশী রবিদাস নামের চিকিৎসাধীন এক চা-শ্রমিক সন্তানের মৃত্যু ঘটে। সে সময় কয়েকজন বিক্ষুব্ধ চা-শ্রমিক ভুল চিকিৎসার অভিযোগ তুলে চিকিৎসাকেন্দ্রের স্টাফদের অবরুদ্ধ করে সেখানে হামলা ও ভাঙচুর চালান। এই ঘটনার পর চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় সেখানে চিকিৎসা নিতে পারছে না চা-বাগানের অসুস্থ লোকজন।

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতাল খোলা রয়েছে। হাসপাতাল দেখভালে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তাহীনতায় চিকিৎসকেরা উপস্থিত না থাকায় সেবা প্রদান করা যাচ্ছে না। হেড অফিসে এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।’

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক চা-শ্রমিকনেতা রামভজন কৈরী বলেন, ‘কয়েকজন উন্মত্ত ব্যক্তির আচরণের কারণে পুরো চা-শ্রমিক জনগোষ্ঠীকে দুর্ভোগে পড়েছে। হাসপাতালে পুনরায় চিকিৎসাসেবা চালু করার জন্য আমরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করেছি। তিনি বলেছেন বিষয়টি দেখবেন। এই হাসপাতালে ১৫টি চা-বাগানের প্রায় লক্ষাধিক মানুষ সেবা নেয়।’

এ বিষয়ে ক্যামেলিয়া হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শমশেরনগর চা-বাগানের ব্যবস্থাপক ও ডানকান ব্রদার্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘আসলে হাসপাতালটি সম্পূর্ণ আলাদা একটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। পুরো বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইংল্যান্ড থেকে পর্যবেক্ষণ করেছে। আমরাও চাই হাসপাতালে পুনরায় সেবা চালু হোক।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘চা-শ্রমিক নেতারা আমার কাছে এসেছিলেন হাসপাতালটি পুনরায় চালু করার জন্য। আমি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে শমশেরনগরের ফাঁড়ি কানিহাটি চা-বাগানে ৫০ শয্যাবিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্থাপিত হয়। হাসপাতালটির কার্যক্রম শুরুর পর থেকে ডানকান ব্রাদার্সের ১৫টি চা-বাগানের লক্ষাধিক চা-শ্রমিক অস্ত্রোপচারসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে আসছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটসহ নানা জটিলতায় কয়েক বছর ধরে অস্ত্রোপচার না হলেও প্রতিদিনই বিভিন্ন চা-বাগান থেকে রোগীরা এই হাসপাতালে এসে সেবা নেন।

কমলগঞ্জে বালু তোলার দায়ে একজনের ৩ মাসের জেল

জমে উঠেছে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব

বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

শ্রীমঙ্গলে হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে কালনাগিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারে উপজেলা পর্যন্ত চালু হচ্ছে আইসোলেশন কর্নার

কমলগঞ্জে গভীর রাতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কমলগঞ্জ উপজেলা যুবদল সদস্যসচিব বহিষ্কার

নিখোঁজের কয়েক ঘণ্টা পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

সিলেট-আখাউড়া: এক রেলপথে ৭ দিনে দুর্ঘটনায় চার ট্রেন