মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আজ শুক্রবার বিকেলে উপজেলার খান বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করেন স্থানীয় জামান গ্রুপের কর্ণধার নূর-এ-জামান পিয়াস ও এইচ আর খান গ্রুপের কর্ণধার নাফিসা আঞ্জুম খান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় আর্জেন্টিনা দল। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে স্কোরবোর্ডে আর্জেন্টিনা ৩-১ ব্রাজিল ফলাফল নিয়ে মাঠ ছাড়ে দুই দল। আর্জেন্টিনা দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন মুসলিম উদ্দিন খান সেলিম। ব্রাজিল দলের ম্যানেজার ছিলেন শফিকুল আলম খান চন্দন।
খেলার ধারাভাষ্যকার ছিলেন মানিকগঞ্জ জেলা ফুটবল কল্যাণ সমিতির ভাষ্যকার এইচ আর হানিফ। তাঁর প্রাণবন্ত ধারাভাষ্যে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি হয়।
খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে সাদা খাসি ও রানার্সআপ ব্রাজিল দলের হাতে কালো খাসি তুলে দেওয়া হয়। এ ছাড়া উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে বিশেষ পুরস্কার হিসেবে একটি লাল মোরগ দেওয়া হয়।
খেলার আয়োজক নাফিসা আঞ্জুম খান বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন। গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতে এবং তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে আমরা কাজ করছি। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে। আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে।’