হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মুক্তিপণ দিয়েও কলেজছাত্র রিদয়ানের সন্ধান পায়নি পরিবার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নিখোঁজ রিদয়ান আনসারী। ছবি: সংগৃহীত

মুক্তিপণ দিয়েও নিখোঁজ মানিকগঞ্জের কলেজছাত্র রিদয়ান আনসারীর (২৫) সন্ধান পায়নি তাঁর পরিবার। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে রওনা হওয়ার পর থেকে তাঁর খোঁজ মিলছে না। স্বজনদের অভিযোগ, অপহরণের কথা বলে ফোনে মুক্তিপণ দাবি করে টাকা নেওয়া হলেও রিদয়ানকে ফিরিয়ে দেওয়া হয়নি। তাঁকে উদ্ধারের জন্য কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি র‍্যাব-৩-এর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তাঁরা।

রিদয়ান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। বিবিএ পড়ার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের সফিপুরে বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এর পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর বিভিন্ন হাসপাতাল ও থানায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

পরদিন রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের ফোনে কল আসে। পরিবারের দাবি, ফোনে রিদয়ানকে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়ানের সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেওয়া হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রথমে একটি বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে অন্য একটি বিকাশ নম্বরে আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ঢাকার হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে রিদয়ানকে নিয়ে যেতে বলা হয়। এ পর্যায়ে একটি নগদ নম্বরে আরও পাঁচ হাজার টাকা পাঠায় পরিবার। তবে টাকা দেওয়ার পরও তাঁর সন্ধান মেলেনি।

এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত রোববার (২৫ অক্টোবর) কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি রিদয়ানকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে র‍্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, ‘টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই।’ তিন ভাইবোনের মধ্যে রিদয়ান সবার ছোট বলেও জানান শাহরিয়ার।

রিদয়ানকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার।

ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচন ধরা লাশ

অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি

‘প্রেম সড়কে’ কিশোর-কিশোরীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দিল প্রশাসন

চাকরি দেওয়ার নামে আড়াই লাখ টাকা হাতিয়ে নিলেন এনসিপি নেতা

মানিকগঞ্জে মহাসড়কে তিন চাকার যান বন্ধের সিদ্ধান্ত

মানিকগঞ্জে সাড়ে চার কোটি টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

শিবালয়ে দেড় কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

পলো দিয়ে মাছ ধরার ধুম

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা, মানিকগঞ্জে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব