মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। গত সোমবার ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, সদর হাসপাতালে ছয়জন এবং হরিরামপুরে পাঁচজন। এ ছাড়া সাটুরিয়ায় চারজন ও ঘিওরে একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা স্ব স্ব হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ৫৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২২৬ জন ডেঙ্গু রোগী শনাক্তের পর চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মানিকগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আব্দুল আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।