হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলার জমজমাট আসর

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলার জমজমাট আসর। ছবি: আজকের পত্রিকা

ক্রিকেট-ফুটবলের আধুনিক জয়জয়কারে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মাগুরার মহম্মদপুরে বসেছিল লাঠিখেলার এক জমজমাট আসর। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী ১০৬তম লাঠিখেলা দেখতে উপচে পড়া ভিড় জমেছিল। হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন এক আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।

শতবর্ষের পুরোনো প্রথা ও উৎসবমুখর পরিবেশে ডুমুরশিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই শতবর্ষী ঐতিহ্য দেখতে মহম্মদপুর ছাড়াও পার্শ্ববর্তী শালিখা, শ্রীপুর, বোয়ালমারী ও মধুখালী উপজেলা থেকে ছুটে এসেছিলেন নানা বয়সের দর্শনার্থীরা। বিশেষ করে, নারী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রতিবছর বাংলা কার্তিক মাসে আয়োজিত এই লাঠিখেলাকে কেন্দ্র করে পুরো মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আর হরেক রকমের পণ্যের পসরায় জমে ওঠে চারপাশ।

অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘লাঠিখেলা গ্রামবাংলার অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয়। লাঠি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচের মতো আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী নানা উদ্যোগ নিয়েছে।’

লাঠিখেলার জমজমাট আসরে অংশ নিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ঢাকঢোল আর বাঁশির তালে বর্ণিল সাজে ও রংবেরঙের পোশাকে মাঠে নামে বিভিন্ন এলাকা থেকে আসা লাঠিয়াল দলগুলো। ঢাকঢোল আর বাঁশির সুরের তালে তালে লাঠিয়ালদের কসরত এবং একে অপরকে ঘায়েল করার অভিনব দৃশ্য মুগ্ধ করে দর্শকদের। খেলা দেখতে মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

আয়োজক কমিটির সভাপতি ও ডুমুরশিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, নতুন দল তৈরি করা কঠিন হয়ে পড়লেও পুরোনো লাঠিয়ালদের এই ঐতিহ্য ধরে রাখার তীব্র আগ্রহ রয়েছে।

ঐতিহ্যবাহী লাঠিখেলার জমজমাট আসর। ছবি: আজকের পত্রিকা

বহুদিনের লাঠিয়াল দলের প্রধান মানিক সরদার বলেন, পূর্বপুরুষদের দেখেই এই খেলায় আগ্রহ জন্মেছিল। এখন সব জায়গায় এর আয়োজন হয় না, তবে কার্তিকের এই মেলায় এলে বুক জুড়িয়ে যায়।

ঢাকা থেকে আসা কবি হাফিজ রহমান বলেন, ‘ষাটের দশক থেকে আমাদের এই ঐতিহ্য চলে আসছে। ক্রিকেটের ভিড়ে আজ তা কোণঠাসা। এই অমূল্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারের আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।’

মহম্মদপুরে আধিপত্যের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ১০ বাড়িতে ভাঙচুর-লুটপাট

যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

নড়াইলে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল, স্বর্ণালঙ্কার লুট

মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় যুবদল নেতা হত্যা: জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবি

মাগুরায় যুবদল নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, ১৫০ ভরি স্বর্ণের যোগসূত্র খুঁজছে পুলিশ

শখের চাষে বাজিমাত, হাসানুরের খেতে বাহারি তরমুজ

মাগুরায় জমি নিয়ে বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই গ্রেপ্তার

মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে

মাগুরায় জমির বিরোধে ছোট ভাইকে খুনের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে