মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং নতুনগ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি হোসাইন এ বছর শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। আজ বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’