হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বাবা, ঢাকায় শ্বশুরের প্রচারে নিপুণ

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা-২ আসনে বাবা নিতাই রায় চৌধুরীর হয়ে লিফলেট বিলি করেন মেয়ে নিপুণ রায় চৌধুরী। সম্প্রতি মহাম্মদপুরের হাটবাড়িয়া বাজারে। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনে এবং শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন। নিপুণের কাছে একজনও কম নন। তাই দুজনের প্রচারেই অংশ নিচ্ছেন এ নারী। কোনো দিন তাঁকে দেখা যাচ্ছে ঢাকায় প্রচারে, আরেক দিন মাগুরায়।

নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তাঁর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা নিতাই রায় চৌধুরী মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নে নির্বাচন করছেন। আর শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছেন। দুজনই হেভিওয়েট প্রার্থী। এই দুই নেতার প্রচারেই মাঠে আছেন নিপুণ।

নিপুণের বাবা নিতাই রায় চৌধুরী বলেন, ‘নিপুণ কেবল আমার মেয়ে নয়, সে এখন দলের একজন সৈনিক। আমি এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত থাকি, তখন নিপুণ এসে এখানকার কর্মীদের যে সাহস জোগায়, তা আমাকে নিশ্চিন্ত করে। তবে ও যে শুধু আমার জন্য লড়ছে, তা নয়; ওর শ্বশুর গয়েশ্বর বাবুর আসনেও ও সমানভাবে শ্রম দিচ্ছে। একজন বাবা হিসেবে ওর এই পরিশ্রম দেখে গর্ব হয়।’

নির্বাচনের প্রচার শুরুর পর কোনো দিন তাঁকে দেখা যাচ্ছে মাগুরায় বাবার পক্ষে প্রচারে। নির্বাচনী ময়দানে নিপুণ রায় চৌধুরীর এই কর্মযজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমেও এখন ভাইরাল। মাগুরা সদর উপজেলার বাবুখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘আমরা যখন মাঠে কাজ করি, নিপুণ আপা ঢাকা থেকে এসে আমাদের সাথে যোগ দিলে কর্মীদের মধ্যে আলাদা জোশ তৈরি হয়।’

এমন নেতাকে এলাকাবাসী দেখছে ভিন্নভাবে। স্থানীয় দাতিয়াদাহ গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু ঘরের বউ আর মেয়ে হয়ে দুই এলাকার দায়িত্ব একা সামলানোর এমন দৃশ্য খুব একটা দেখিনি। তিনি শিক্ষিত মানুষ, গুছিয়ে কথা বলেন। বাবার জন্য ভোট চাওয়াটা যেমন আবেগের, দলের জন্য তাঁর লড়াইটাও সম্মানের।’

বিএনপির এই নেত্রীকে নিয়ে কথা হয় বহলবাড়িয়া গ্রামের ভোটার সুরভী খানমের সঙ্গে। তিনি বলেন, ‘বড় নেতার মেয়ে বা বউ হিসেবে নয়, বরং সাধারণ মানুষের মতো এসে ভোট চাইছেন। আমরা গ্রামের সাধারণ মানুষ রাজনীতি কম বুঝি। সে এই মাগুরার মেয়ে, আবার বড় ঘরের বউ। এই রোদ-গরমে দেখি মাইলের পর মাইল পায়ে হেঁটে আমাদের দুয়ারে দুয়ারে আসছে। সে পাশে বসে খোঁজখবর নেয়। একজন নারী হয়ে সে যদি এত কষ্ট করতে পারে, তবে আমরাও তার পাশে আছি।’

তবে নিপুণ রায় চৌধুরীর মতে, ‘বাবা এবং শ্বশুরের জন্য নয়; দলের জন্য, দলের হয়ে ছুটছি, কাজ করছি। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমার ওপর দল যে দায়িত্ব দিয়েছে, আমি তা সাধ্যমতো পালনের চেষ্টা করে যাচ্ছি। ধানের শীষের বিজয়ই আমার ও আমাদের সবার মূল লক্ষ্য। ধানের শীষ জিতে গেলে জিতে যাবে বিএনপি। আর বিএনপি জিতে গেলে, “সবার আগে বাংলাদেশ” স্লোগানের বাস্তবায়ন শুরু হবে।’

মাগুরায় বিএনপি ও যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার

মাগুরা-২: বিভক্ত বিএনপিতে ঐক্য, আসন পুনরুদ্ধারে এক কাতারে নেতা-কর্মীরা

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

মাগুরায় মাছের কাঁটা গলায় আটকে শিশুর মৃত্যু

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ