মাগুরার মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে মারুফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর ও পানিঘাটা গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নজরুল ইসলাম ও চন্নু বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় রাজনীতিতে নজরুল ইসলাম সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে চন্নু বিশ্বাস যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের সমর্থক বলে জানা গেছে।
পূর্ববিরোধের জেরে নজরুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
নজরুল ইসলাম অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বাবা আক্কাসের নেতৃত্বে পার্শ্ববর্তী পানিঘাটা এলাকা থেকে লোকজন এনে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের পাশাপাশি মালামাল লুট করা হয় বলেও দাবি করেন তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে চন্নু বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।