লালমনিরহাটের হাতীবান্ধায় নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।
রংপুর বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলার সানিয়াজান ইউনিয়নে প্রতিষ্ঠানটিতে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ১৬০ ছাত্র-ছাত্রীর মধ্যে সিলিং ফ্যান, বসার কার্পেট, পানির ফিল্টার, কলম, খাতা ও পড়ালেখার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্যসামগ্রীও দেওয়া হয়।
উপকরণ বিতরণ করেন বিজিবি ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ শাহীন, শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।