হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার দুটি টিনের কৌটা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়িতে দুটি পাউডার দুধের টিনের কৌটা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কৌটার মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া বাসার সন্ধান পান তদন্ত কর্মকর্তা। গতকাল সোমবার ওই বাসা থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আজ তাঁর বাসার পেছনে মাটির নিচে লুকানো অবস্থায় কৌটা দুটি পাওয়া যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, কৌটা দুটি বিদেশি পাউডার দুধের। প্রতিটি কৌটা তিন থেকে চার কেজি ওজনের হতে পারে। প্রাথমিকভাবে কৌটার ভেতরে স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, আগামীকাল বুধবার বিষয়টি জানিয়ে আদালতে আবেদন করা হবে। আদালতের আদেশ পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তা নেওয়া হবে। পরবর্তী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা থাকবে।