হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, আহত ৪ শ্রমিক

কুষ্টিয়া প্রতিনিধি

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদ ড্রেজিং প্রকল্পের বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডাম্প ট্রাকচালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ঘাটের ম্যানেজার মিলন (৩৫) এবং ভেকুচালক বাবলা (৪০)। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, রাতেই চারজন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ফিরোজ ও সবুজ গুলিবিদ্ধ ছিলেন। সবুজের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন ডাম্প ট্রাকচালক ফিরোজ অভিযোগ করেন, জুগিয়া এলাকায় বালু অপসারণের কাজ চলাকালে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি এসে শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি ও সবুজ গুলিবিদ্ধ হন। এ ছাড়া ঘাটের ম্যানেজার মিলন, ভেকুচালক বাবলাসহ আরও কয়েকজনকে মারধর করা হয়। হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্তূপাকার বালু অপসারণের লিজ পেয়েছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলামের মালিকানাধীন ‘মেহেদী এন্টারপ্রাইজ’। পরে ওই লিজ বিএনপি নেতা এ কে বিশ্বাস বাবুর কাছে হস্তান্তর করা হয়।

বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ৪ কোটি ৭৪ লাখ টাকায় গড়াই নদ ড্রেজিংকৃত বালু অপসারণের ইজারা পায় মেহেদী এন্টারপ্রাইজ। গত বছরের ২৫ মে ইজারার মেয়াদ শেষ হলেও পরবর্তীকালে আদালতের নির্দেশে মেয়াদ বৃদ্ধি করে পুনরায় বালু অপসারণ কার্যক্রম শুরু করা হয়।

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের ইজারাদারের কাছ থেকে তাঁরা কাজটি কিনে নিয়েছেন। বালু অপসারণের সময় দুর্বৃত্তরা শ্রমিকদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কুষ্টিয়া পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী রা‌শিদুর রহমান দপ্তরে গিয়ে কথা বল‌তে ব‌লেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।

বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি

কুষ্টিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

কুষ্টিয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু