কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের শরিফুল আলম সোহাগ ও নলেয়া গ্রামের স্বপন মিয়া।
পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহাগ ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের নিকট থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ১৯ অক্টোবর মধ্যরাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনের অবস্থান ও ব্যবহার নজরদারি শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’