কিশোরগঞ্জ সদরের প্যারাভাঙ্গা এলাকায় ২ হাজার ৪০০ টাকা পাওনা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ইমরান হাসান (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল কালাম (৩০) নামের আরেক যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হাসান সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ার এলাকার আব্দুস শহীদের ছেলে।
অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। পাওনা টাকা আনতে আজ সন্ধ্যায় আবুল কালামের বাড়িতে যান ইমরান। টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল কালাম ক্ষিপ্ত হয়ে ইমরানকে ছুরিকাঘাত করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।