কিশোরগঞ্জের দুটি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জন সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কিশোরগঞ্জ মডেল থানা যৌথভাবে এ অভিযান চালায়।
বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে দুটি হাসপাতাল থেকে দালাল চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতাল দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার নারীসহ ৩২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৬ জন যৌক্তিক কারণ দেখানোয় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, চক্রের ১৭ জনকে দালাল চিহ্নিত করা হয়েছে। বাকি ৯ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাঁরা যুক্তিসংগত প্রমাণ দেখাতে না পারলে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।