হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত জাহাঙ্গীর মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বছর ধরে অন্ধকারে থাকা জাহাঙ্গীর মিয়া (৪২) হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে ১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুসনা খাতুন (৪৫) ও তাঁর স্বামী শহীদ মিয়া (৪৮)। গ্রেপ্তারের পর তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

​আজ শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে পিবিআই কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ।

​মামলার বিবরণ ও পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের (২০২৫ সালের) ২ জুলাই বিকেলে কুলিয়ারচরের বড়খারচর গ্রামের জাহাঙ্গীর মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন রাতে বারবার তাঁর মোবাইলে কল দিলেও তিনি ধরেননি। পরদিন ৩ জুলাই বিকেলে বড়খারচর মধ্যপাড়া এলাকার একটি নেপিয়ার ঘাসের জমি থেকে জাহাঙ্গীরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​এই ঘটনায় জাহাঙ্গীরের মা দিলুয়ারা বাদী হয়ে কুলিয়ারচর থানায় ৪ জুলাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। থানা-পুলিশ টানা দুই মাস তদন্ত করেও হত্যাকাণ্ডের কোনো কূলকিনারা করতে না পারায় পিবিআই কিশোরগঞ্জ জেলা ইউনিট নিজ উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।

​পিবিআই কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এবং এসআই মাহবুব আলমের নেতৃত্বে তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করে। ১ জুন বড়খারচর এলাকা থেকে প্রথমে হুসনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে হুসনার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাঁর স্বামী শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শহীদ মিয়া বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফখরুল ইসলামের কাছে নিহত জাহাঙ্গীরের সঙ্গে হুসনা খাতুনের অবৈধ সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ সংবাদ সম্মেলনে বলেন, নিহত জাহাঙ্গীরের সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘ ১৮ বছরের অবৈধ সম্পর্ক ছিল। বিয়ের আগে শুরু হওয়া এই সম্পর্ক হুসনার বিয়ের পরও বজায় ছিল। কয়েক বছর বিরতির পর হত্যাকাণ্ডের প্রায় তিন বছর আগে পুনরায় তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মেলামেশা শুরু হয়।

​আব্দুল্লাহ আল মাসুদ সংবাদ সম্মেলনে বলেন, ​হত্যাকাণ্ডের দিন (২ জুলাই) রাতে হুসনা খাতুন ও জাহাঙ্গীর মিয়া স্থানীয় একটি নেপিয়ার ঘাসের জমিতে সাক্ষাৎ করেন। এদিকে হুসনার স্বামী শহীদ মিয়া তাঁর স্ত্রীকে ঘরে না পেয়ে সন্দেহবশত একটি ছুরি নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘাসের জমিতে আপত্তিকর অবস্থায় তাঁদের দেখে ফেলেন শহীদ। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও তাৎক্ষণিক উত্তেজনার বশে তিনি তাঁর কাছে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীরের পিঠে ও সংবেদনশীল অঙ্গে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন এবং মরদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যান।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিবিআইয়ের পরিদর্শক মো. নবী হোসেন খান, আশরাফুল আলম ও টিটু চৌধুরী; মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম, এসআই আবু রায়হান; শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মো. তানভীর আর রহমান, মো. তানজিরুল ইসলাম ও সৈয়দ মেহেদী হাসান রবিন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল ভূঁইয়া।

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

দেশে হাম সংক্রমণের জন্য আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

ভেনিস সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত বাংলাদেশি আফাই আলী

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নদীতে মাছ ধরতে গিয়ে জেলে খুন, দুই ভাইকে বেঁধে মারধর

‘মা, বাড়ি এসে কালই গরু কিনব’, কিন্তু বাড়ি ফিরল ৩টি লাশ