হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুনরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালো কালি লেপে বিকৃত করার পর সেটি পুনরায় আঁকার কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে দেয়ালচিত্রটি পরিদর্শন শেষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ ঘোষণা দেন। তিনি ঘটনাটিকে ‘অসম্মানজনক ও বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

নগরীর শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালে বিকৃত করা দেয়ালচিত্র বা ছবিটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। পরে সেখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতি পুনরায় আঁকার কাজ শুরু হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ঐতিহ্য, উন্নয়ন ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিও রয়েছে। কিন্তু কে বা কারা তাঁর প্রতিকৃতিতে কালো কালি লেপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রটি পরিদর্শনে যান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানুষের পছন্দ-অপছন্দ থাকতে পারে। তবে তা প্রকাশ করতে গিয়ে এমন কোনো কাজ করা উচিত নয়, যা অমর্যাদাকর, জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করে কিংবা বিদ্বেষ ছড়ায়। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কেসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা সামনে রেখে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়—এমন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দেয়ালচিত্র বিকৃতির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশকে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যেন আর কেউ অংশ না নেয়, সেটিই তাঁদের প্রত্যাশা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন দেয়ালে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকে কেসিসি। তবে শিববাড়ী মোড়ের রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশে রবীন্দ্রবিরোধী বক্তব্যসংবলিত দুটি লিফলেটও সাঁটানো হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। লিফলেটগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা ছিল।

দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে। রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃতির ঘটনায় নগরীতে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ কারণে কারা, কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার