হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি। ছবি: আজকের পত্রিকা

খুলনায় সন্ত্রাসী বাহিনীর চাঁদা দাবি এবং হত্যার হুমকির পর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ করে দিয়েছেন মালিক। আতঙ্কে পরিবারসহ অন্যত্র চলে গেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার। দুই যুগের বেশি সময় ধরে চালু থাকা ফার্মেসিটি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ দিন আগে চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবুর মুঠোফোনে কল করে খুলনার একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেন। একই সঙ্গে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানাতে বলা হয়। জবাবে বাবু বলেন, ‘আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী। আমাকে বলে কোনো লাভ নেই।’

এর দুই দিন পর ওই বাহিনীর দুই সদস্য সরাসরি ফার্মেসিতে গিয়ে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করেন। তাঁরা আবারও চাঁদার দাবি জানান এবং টাকা না দিলে প্রতিষ্ঠানের মালিককে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর আতঙ্কে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার পর ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ধারাবাহিক হুমকির পর প্রতিষ্ঠানটির মালিক দৌলত কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার কাছে সহযোগিতা চান। তবে তাঁদের কাছ থেকে সহায়তার আশ্বাস না পেয়ে হতাশ হয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।

আজ বৃহস্পতিবার দুপুরে মালিক দৌলতের বাড়িতে গিয়ে তাঁর বক্তব্য নেওয়ার চেষ্টা করেন আজকের পত্রিকার প্রতিবেদক। প্রথমে তিনি বাড়িতে নেই বলে জানানো হয়। পরে ডাকাডাকির একপর্যায়ে জানালা দিয়ে কথা বলেন দৌলত। চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জরুরি কাজে ব্যস্ত থাকার কথা বলে পরে ঘরের ভেতরে চলে যান তিনি।

ফার্মেসির ম্যানেজার বাবু নগরের মিয়াপাড়া সুলতানা হামিদ আলী স্কুলসংলগ্ন একটি পাঁচতলা ভবনের নিচতলায় থাকেন। সেখানে গিয়ে তাঁর বাসায় তালা ঝুলতে দেখা যায়। প্রতিবেশীরা জানান, পরিবারসহ অন্যত্র চলে গেছেন বাবু। তবে কবে বা কখন তাঁরা বাসা ছেড়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

ফার্মেসির সামনের কয়েকটি প্রতিষ্ঠানের মালিক জানান, সাধারণত রাত পর্যন্ত চয়নিকা ফার্মেসিতে ওষুধ বিক্রি হয়। তবে বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টা পর্যন্তও দোকানটি খোলেনি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান পরিচয়ে ফোন করে ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করা হয়েছে। এরপর থেকেই ফার্মেসিটি বন্ধ রয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের তৎপরতায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, প্রায় এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছেও চাঁদা দাবি করা হয়েছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা সেখানে নিয়মিত যাতায়াত করতেন বলে তাঁরা জানান।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, চাঁদা দাবির বিষয়টি তিনি শুনেছেন। তবে কারা চাঁদা দাবি করেছে, তা সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পষ্ট করে জানাননি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে ফোন না ধরাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী বাহিনীর প্রধানের সহযোগী ফাকাব্বিরের ফোন ধরতে দেরি হওয়ায় তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটান।

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু