খুলনা নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহত কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলিন দুই থেকে তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলেও তিনি বাড়িতে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে রাস্তার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত কলিনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি ও একটি হত্যা মামলা রয়েছে। তিনি বেশির ভাগ সময় বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।
ওসি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।