খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর বাড়িটি পরিদর্শন করেছে সেনাবাহিনী। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির লোকজনের খোঁজখবর নেন।
ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান সাদিক কায়েম। তিনি এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কায় কিসলু আরও জানান, এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাঁদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।