খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ধর্মঘর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্মেসি ও তিনটি চায়ের দোকান পুড়ে গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পল্লিচিকিৎসক আথুইশে মারমা এবং চা বিক্রেতা সাথং মারমা, রিম্রাচাই মারমা ও অংগ্য মারমার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুনে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার পর স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বিষয়টি পাশের লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই একটি ফার্মেসি ও তিনটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
পল্লিচিকিৎসক আথুইশে মারমা জানান, তাঁর ফার্মেসিতে ৪ থেকে ৫ লাখ টাকার ওষুধ ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর ধারণা, পাশের একটি চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, ‘উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিস আসতে সময় লেগেছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।’
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পাশের লক্ষ্মীছড়ি উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।