জয়পুরহাটের কালাই উপজেলায় টিসিবির ১২ বস্তা পণ্য পাচারের অভিযোগে জনতার হাতে আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় টিসিবির ডিলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বাদী হয়ে কালাই থানায় মামলাটি করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বেলাল হোসেন (৫২) ও ভ্যানচালক রতন মিয়া (৫৩)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামি টিসিবি ডিলার আবদুল মতিন সরকার পলাতক রয়েছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকায় ভ্যানে করে ১২ বস্তা টিসিবি পণ্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে ভ্যানটি গর্তে পড়ে উল্টে গেলে বস্তা ফেটে চাল, ডাল, চিনি, ছোলা ও তেলের বোতল বেরিয়ে আসে। পরে জনতা ভ্যানসহ দুজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং উপজেলা প্রশাসনকে খবর দেয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ২ লিটার করে সরিষার তেলের ৯৭ বোতল, চিনি ২ বস্তা (১০০ কেজি), চাল ১ বস্তা (৩০ কেজি), মসুর ডাল ২ বস্তা (১০০ কেজি), ছোলা ২ বস্তা (১০০ কেজি) এবং একটি ব্যাটারিচালিত ভ্যান।
আটকের সময় বেলাল হোসেন দাবি করেন, টিসিবির ডিলার আবদুল মতিন বিতরণ শেষে অবশিষ্ট পণ্য তাঁর কাছে বিক্রি করেছেন। তিনি সেগুলো অন্যত্র নেওয়ার জন্য ভ্যান ভাড়া করেন। ভ্যানচালক রতন মিয়া বলেন, পণ্যগুলো টিসিবির তা তিনি জানতেন না।
ঘটনার সময় স্থানীয় গ্রাম্য পুলিশ শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ভ্যান আটক করতে গেলে ডিলারের নাতি তাঁকে মারধর ও হুমকি দেন। ইউপি সদস্যরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পণ্য ও আটক ব্যক্তিদের ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা জানান, বিষয়টি তদন্ত করে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।