হোম > সারা দেশ > যশোর

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

­যশোর প্রতিনিধি

ঘুষ লেনদেনের টাকাসহ দুদকের হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। ছবি: আজকের পত্রিকা

ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশোরের জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক এম এম মোর্শেদ এই আদেশ দেন। একই সঙ্গে উদ্ধার হওয়া ১ লাখ ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করে দুদক।

দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেলে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ‘ট্র্যাপ (ফাঁদ) অভিযান’ চালায়। দুদক যশোরের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ফাঁদ পাতা হয়।

সূত্র জানায়, তিন মাস ধরে অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী দীর্ঘদিন ধরে তাঁর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন-সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে ধরনা দিচ্ছিলেন। কিন্তু ওই কর্মকর্তা নানা অজুহাতে তাঁকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় করা হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তাঁর স্ত্রীর বেতনকাঠামো (বেসিক) কমিয়ে দেওয়া হয় বলেও নুরুন্নবী অভিযোগ করেন।

একপর্যায়ে নুরুন্নবী দুদক কার্যালয়ের দ্বারস্থ হন। দুদক তাঁর অভিযোগ বিবেচনায় নিয়ে ‘ট্র্যাপ অভিযানের’ প্রস্তুতি নেয়। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর বুধবার অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় দুদক সেখানে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।

এদিকে শিক্ষা কর্মকর্তাকে আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তাঁরা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তাঁর টেবিলে টাকা রেখে যায়। পরে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। একই প্রতিবাদে বুধবার রাতেও এসব শিক্ষক দুদকের কার্যালয়ে অবস্থান নেন।

কলকাতায় পলাতক টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ হস্তান্তর

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় মনিরুল নামে আরেক যুবক আটক

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

যশোরের মনিরামপুর: ইউএনও দপ্তরের নাজির করালেন প্রকল্পের কাজ

যশোরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৯

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

চৌগাছায় দুর্বৃত্তদের হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

যশোরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ, গুদাম সিলগালা