হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রতিবাদ মিছিলে ফের হামলার অভিযোগ, অবরুদ্ধ এনসিপি নেতারা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও পরে প্রতিবাদ মিছিলে ফের হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জানা গেছে, এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে একটি প্রতিবাদ মিছিল বের করে এনসিপি। মিছিলটি সদর হাসপাতালের সামনে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা করে ছাত্রদল-যুবদল। এ সময় ছাত্রদল-যুবদল এবং এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আত্মরক্ষার্থে সারজিস আলমসহ কয়েকজন নেতা-কর্মী সোনালী ব্যাংক চত্বরে গিয়ে আশ্রয় নেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল সোনালী ব্যাংকে পৌঁছে এনসিপি নেতাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়। এ সময় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এর আগে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা। সভা শেষে সন্ধ্যায় গাড়িবহর নিয়ে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে শহরের সোনালী ব্যাংকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন। হামলার সময় সোনালী ব্যাংক চত্বরের ভেতরে গিয়ে আশ্রয় নেন সারজিস আলম। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সারজিস আলমকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসে।

সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রদল যুবদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমি ও নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং আমাদের হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারি মোবিন আহত হই।’

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘এনসিপির নেতা-কর্মীরা আমাদের দেশ নায়ক তারেক রহমান ও হুইপ জি কে গউছসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিরুপ মন্তব্য করে। তাঁদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সাধারণ ছাত্রজনতা জবাব দিয়েছে। এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো নেতা-কর্মী জড়িত না।’

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, ‘এনসিপির নেতা-কর্মীরা তাঁদের কর্মসূচি শেষে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এনসিপির কেন্দ্রীয় নেতা-কর্মীদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে নিরাপদে রাখা হয়েছে।’

আরও পড়ুন:

বাহুবলে ইটভাটার মালিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু