হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে তেলবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
আজ রোববার বেলা আড়াইটার দিকে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী তেলবাহী একটি লরির বেজুড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে।
এতে ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশাচালক পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ধাক্কায় বালুবাহী ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ট্রাকচালকের সহযোগী ও উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা রিপন মিয়া (২৭)। পরে তিনিও মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মন্তোষ মল্লিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।