হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৬

গোপালগঞ্জ প্রতিনিধি

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দ্রুতগতির ট্রাকটি সড়কের ওপরই উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের বৌলতলী এলাকায় ট্রাকের সঙ্গে সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ফরিদপুর জেলার সালতা উপজেলার উত্তর চন্ডিবর্দি গ্রামের শিপন শেখের ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকচালক নাদিম শেখ (২৮) এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় কাঠালি গ্রামের আব্দুল কাদের মুসাল্লীর ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড আবু হাসিব মুসাল্লী (১৯)। নিহত অজ্ঞাতনামা নারীর বয়স প্রায় ৬৫ বছর বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জ শহরগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।