গাজীপুরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। দুপুর থেকে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই কাঠ, টায়ার ও আসবাব জ্বালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্র এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ার, কাঠ ও আসবাব ফেলে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিছুক্ষণ পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে সরে গেলে আবারও শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এতে কেউ আহত হননি।