হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা পরিষদ: সরকারি দপ্তরে বসে ভুতুড়ে কর্মী

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)  

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগ তিনটি আদেশে গাজীপুর জেলা পরিষদের আট কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তার মধ্যে একজন কর্মচারীকে পদায়ন করা হলেও শূন্য রয়েছে সাত কর্মকর্তা-কর্মচারীর পদ। তবে তাঁদের চেয়ারে বসে দাপ্তরিক কাজ করছেন অন্য কেউ। এদিকে, প্রয়োজনীয় সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছেন সেবাপ্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মোছা. সেলিনা বানু স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পরিষদের সার্ভেয়ার মো. রেজোয়ান রহমান ও এনামুল হককে বদলি করা হয়। গত ৪ এপ্রিল সেলিনা বানু স্বাক্ষরিত অপর অফিস আদেশে জেলা পরিষদের সাঁটলিপিকার প্লাবন আলী, গাড়িচালক মো. মাহামুদুল হাসান, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হারুন অর রশিদ, ডিএমও কাম দপ্তরি মো. খোকন মিয়া, অফিস সহায়ক সনিয়া আক্তারকে বদলি করা হয়। এ ছাড়া ১৯ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক আদেশে গাজীপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী (প্রেষণ) মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, গাজীপুর পরিষদের দোতলার উচ্চমান সহকারীর কার্যালয়ে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন কায়সার নামে এক যুবক। গণমাধ্যমকর্মীদের আগমনে অফিস ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। নিম্নমান সহকারীর চেয়ারে বসে কাজ করছিলেন অপর যুবক। কিন্তু নিজের নাম বলতেও রাজি হননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা বলেন, একযোগে সব কর্মকর্তা-কর্মচারী বদলির পর প্রধান নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে নিজস্ব লোক বসিয়ে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

সেবাপ্রার্থী শহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে একটি কাজের জন্য আসছি। অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাইনি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ফোনও বন্ধ। কী আর করব, বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

ওয়াসিম আকরাম নামে এক ঠিকাদার বলেন, একটি কাজের বিলের জন্য কয়েক দিন ধরে ঘুরছেন। কিন্তু কোনো কর্মকর্তাকে না পাওয়ায় প্রয়োজনীয় কাগজ রেডি করতে পারছেন না।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানের কাছে জানতে চাই উচ্চমান সহকারী কর্মকর্তারা কার্যালয়ের চেয়ারে বসে কে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁদের নিয়োগ নেই। অফিসে কী করে কাজ করছেন এ বিষয়ে আমি বলতে পারব না। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে কার্যালয়ে পাওয়া যায়নি। ফোন করলে প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী ফোন রিসিভ করেননি। প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা পাঠালেও জবাব দেননি তিনি।

কালিয়াকৈরে রেলের জমিতে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অটোরিকশায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

স্কুলের পাশে মাদকের রমরমা কারবার, বিক্ষুব্ধ জনতার হামলা

গাজীপুর: ডিজি নিয়োগ ঘিরে উত্তপ্ত ব্রি, মুখোমুখি দুপক্ষ

স্ত্রীকে হত্যা, লাশ বস্তায় ভরে ভাগাড়ে ফেলার অপেক্ষা করছিলেন স্বামী

গাজীপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিরোধী দলকে কথা বলতে দিতে হবে: ড. মঈন খান

সওজের জমিতে নির্মিত বিএনপির সব অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৭ সাবেক বিডিআর সদস্য