গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এ সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে জেলা প্রশাসক কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় তিনি ভূমি কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। অভিযোগগুলো যাচাই-বাছাই করে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও তাপস চন্দ্র শিলকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন।