হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পূজা দেখে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি 

পরিবারের সঙ্গে নিহত অন্তর ঘোষ। ছবি: সংগৃহীত

পূজা দেখে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা নোয়াখালী থেকে পূজা দেখার জন্য ফেনীতে আসেন।

নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বসুরহাট জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার বিরহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাচ্ছিলেন। পথে বেকের বাজারসংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনকে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, ভাড়া নিয়ে ফেনী থেকে দাগনভূঞা যাচ্ছিলাম। মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন রাস্তায় পড়ে ছিলেন। ঘটনাস্থলে দুজন মারা যান। তাঁদের মধ্যে সৌরভ নামের একজন তখনো জীবিত ছিলেন। পরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালিত অটোরিকশায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর ঘোষের মাসি (খালা) প্রিয়াঙ্কা ঘোষ বলেন, ‘তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় দুর্ঘটনায় তারা মারা যায়। আমার বোনের একমাত্র ছেলের (অন্তর) এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

ফেনী সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. সুজন বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর (সৌরভ) মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে আনার পর তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু